আগামী চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ওপর হাইকোর্টের দেওয়া রায় আপিল বিভাগে বহাল থাকার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় অনুষ্ঠিত হবে। তবে সরকার ব্যবস্থাটি তত্ত্বাবধায়ক নাকি অন্তর্বর্তীকালীন হবে, তা সব শ্রেণির মানুষের মতামত নিয়ে চূড়ান্ত করা হবে বলে তিনি জানান।

মো. আসাদুজ্জামান আরও বলেন, জুলাই সনদকে প্রাধান্য দিয়ে সংবিধান সংশোধনের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। রায়ে ৫৪টি বিষয়ে উল্লেখ রয়েছে, যার মধ্যে অন্তত চারটি বিষয়ে জনআকাঙ্ক্ষা পূরণ হয়েছে। সুপ্রিম কোর্টের রায় এবং জনগণের আকাঙ্ক্ষাকে সামনে রেখেই রায় বাস্তবায়নের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এছাড়া আগামী জাতীয় সংসদ অধিবেশনে জাতীয় মানবাধিকার কমিশন আইন উত্থাপন করা হবে বলেও তিনি জানান।

এর আগে এদিন সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন। আইনজীবীরা জানিয়েছেন, এই রায়ের ফলে সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় ফিরে এলো।