সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় অটোরিকশার যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে বগুড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় একটি অটোরিকশাকে চাপা দেয়। দুর্ঘটনার পরপরই বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় অটোরিকশার যাত্রী মা ও ছেলে ঘটনাস্থলেই প্রাণ হারান। এছাড়া আরও অন্তত তিনজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।