ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাঁচ বছর বয়সী এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার কুন্ডা ইউনিয়নের তুল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিশু শ্রেণির ছাত্রী জান্নাত যখন ক্লাসে ছিল, তখন সুমাইয়া আক্তার নিজেকে তার খালা পরিচয় দিয়ে শ্রেণিশিক্ষকের কাছ থেকে শিশুটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। প্রধান শিক্ষকের বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি দ্রুত জান্নাতের মায়ের সঙ্গে যোগাযোগ করেন। জান্নাতের মা বিদ্যালয়ে এসে নিশ্চিত করেন যে আটক তরুণী তাদের কোনো আত্মীয় নন। এরপরই বিদ্যালয় কর্তৃপক্ষ সুমাইয়া আক্তারকে নাসিরনগর থানা পুলিশের কাছে সোপর্দ করে। জান্নাত তুল্লাপাড়া গ্রামের আব্দুল বাছিরের মেয়ে।
পুলিশ জানিয়েছে, আটক সুমাইয়া আক্তার নিজের বাড়ি কিশোরগঞ্জ জেলায় বলে দাবি করেছেন। বর্তমানে তিনি নাসিরনগর থানা পুলিশের হেফাজতে রয়েছেন। নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল শিকদার জানান, স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে এক তরুণীকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার বা বিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।