ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জোরপূর্বক চুল কাটানোর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মামুনুর রশিদ শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ডেকে এনে বাইরে থেকে নাপিত ডেকে তাদের চুল কাটিয়ে দেন। এই ঘটনা জানাজানি হলে অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন, যা পরবর্তীতে হাতাহাতি ও হট্টগোলে রূপ নেয়।
ভুক্তভোগী অষ্টম শ্রেণির শিক্ষার্থী আফিন হোসেন ও সাকিন হোসেন জানায়, তাদেরকে শ্রেণিকক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক চুল কাটানো হয়েছে। এ বিষয়ে ক্ষুব্ধ অভিভাবক আব্দুল মালেক মোল্লা অভিযোগ করেন, সভাপতি অতি-কর্তৃত্ব দেখিয়ে এই কাজটি করেছেন।
ঘটনার বিষয়ে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মামুনুর রশিদ দাবি করেন, আগের দিন বুধবার অভিভাবকদের সাথে মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে, অগোছালো চুল রাখা এবং অসংগতিপূর্ণ লেখার ফেস মাস্ক ব্যবহার করা শিক্ষার্থীদের চুল কেটে দেওয়া হবে। তিনি দাবি করেন, স্কুলের ভালোর জন্যই তিনি এই উদ্যোগ নিয়েছেন এবং হাতাহাতির ঘটনাটি একজন অভিভাবকের উসকানিতে ঘটেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুজ্জামান ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বলেন, সভাপতি ভালো উদ্দেশ্য নিয়েই এটি করেছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সবার সাথে আলোচনা চলছে। এদিকে ঝিনাইদহ জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান জানিয়েছেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। তবে আইনগতভাবে শিক্ষার্থীদের জোর করে চুল কাটানোর কোনো সুযোগ নেই এবং তিনি বিষয়টি তদন্ত করে দেখবেন।