সক্রিয় মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে শুক্রবার সকাল থেকে রাজধানী ঢাকায় অবিরাম বৃষ্টিপাত চলছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নগরজীবন স্থবির হয়ে পড়েছে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে টানা বর্ষণ অব্যাহত থাকতে পারে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথা জানিয়ে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে অবিরাম বৃষ্টির কারণে রাজধানীর বাসিন্দারা তীব্র যানজট, গণপরিবহন সংকট এবং জলাবদ্ধতায় নাকাল হয়ে পড়েছেন। অফিসগামী রোকসানা নূর জানান, বৃষ্টির কারণে গণপরিবহন না পেয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে এবং হেঁটে মেইন রোড পর্যন্ত আসতে হয়েছে। অন্যদিকে, ভাড়ায়চালিত মোটরসাইকেলচালক শরিফ আহমেদ জানান, বৃষ্টির কারণে যাত্রী না পাওয়ায় আয় কমে গেছে, যা কিস্তিতে কেনা মোটরসাইকেলের খরচ মেটাতে তাকে বড় ধরনের সংকটে ফেলেছে।