ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির বর্তমান কৌশল এবং দলের পারফরম্যান্স নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন ১৯৯৪ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিও। নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় তিনি আনচেলত্তিকে ব্রাজিল দলের প্রধান কোচের দায়িত্ব থেকে অবিলম্বে ছাঁটাই করার দাবি তুলেছেন।
বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে হারের পর থেকেই আনচেলত্তির বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। নেইমারকে কেন শুরু থেকে খেলানো হয়নি এবং কেন ব্রুনো গিমারাইসকে পেনাল্টি মারার দায়িত্ব দেওয়া হয়েছিল, তা নিয়ে ম্যাচ শেষে কোচকে জবাবদিহি করতে হয়েছিল। যদিও আনচেলত্তি তাঁর কৌশলের ব্যাখ্যা দিয়েছেন, তবে সেটি সন্তুষ্ট করতে পারেনি প্রবীণ ফুটবলারদের।
রোমারিও তাঁর ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি যদি ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি হতেন, তবে আনচেলত্তির চুক্তি ছিঁড়ে ফেলতেন। তিনি বলেন, ‘আমি লকার রুমে গিয়ে বলতাম, আপনাকে অনেক ধন্যবাদ, বিদায়, গোল্লায় যান।’ কৌশলের সমালোচনা করে রোমারিও প্রশ্ন তোলেন, কেন একজন ফুলব্যাক চোট পাওয়ার পর সেন্টারব্যাককে সেখানে খেলানো হলো এবং কেন গিমারাইসকে তুলে নিয়ে এদেরসনকে রাইটব্যাকে নামানো হলো।
রোমারিওর মতে, এই মহাবিপর্যয় এবং লজ্জাজনক পরিস্থিতির পর আনচেলত্তির কোনোভাবেই ব্রাজিলের প্রধান কোচ হিসেবে পদে থাকার অধিকার নেই। তিনি উল্লেখ করেন, অতীতে ব্রাজিলের কোচ দুঙ্গা হেরে দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন, তিতে হেরেও থেকে গিয়েছিলেন এবং আবারও ব্যর্থ হয়েছিলেন। রোমারিও মনে করেন, এই ধারা থেকে বেরিয়ে এসে অবিলম্বে পরিবর্তন আনা জরুরি।