মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সামরিক উত্তজনা ও সংঘাত ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘস্থায়ী ক্ষমতার লড়াইকে নতুন করে সামনে নিয়ে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সংঘাত মূলত ইরানের সামরিক শক্তি প্রদর্শনের আকাঙ্ক্ষা এবং বিশ্বের একমাত্র প্রতিদ্বন্দ্বীহীন সামরিক পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের অবস্থান বজায় রাখার প্রচেষ্টারই বহিঃপ্রকাশ।
আরব পারসপেক্টিভস ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক জেইদন আলকিনানি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, সামরিক হামলার মুখে কোনো ধরনের কার্যকর চুক্তি বা সমঝোতা টিকে থাকা প্রায় অসম্ভব। আলকিনানির মতে, গত কয়েক মাস ধরে আপাত যে শান্ত পরিস্থিতি বিরাজ করছিল, তা মূলত নতুন করে আলোচনার টেবিল তৈরির একটি সামগ্রিক কৌশলের অংশ মাত্র।
বিশ্লেষণে উঠে এসেছে যে, ইরান এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক হামলা চালাচ্ছে। একই সঙ্গে, যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে নিজেদের প্রধান সামরিক পরাশক্তি হিসেবে মর্যাদা ও সুনাম রক্ষার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আলকিনানির ভাষ্যমতে, ইরান বর্তমানে নিজের আত্মবিশ্বাস বাড়াতে এবং একটি আক্রমণাত্মক ভাবমূর্তি তৈরি করতে সচেষ্ট। হরমুজ প্রণালী ঘিরে তৈরি হওয়া নানাবিধ ভুল বোঝাবুঝি এবং ভবিষ্যৎ ভূ-রাজনৈতিক কল্পনার ওপর ভিত্তি করেই মূলত ইরানের এই রণকৌশল সাজানো হয়েছে।