কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল মোতালেব (৪৪) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার গুণবতী ইউনিয়নের চাঁপাছৌ গ্রামের আবদুল হকের ছেলে। বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী ওমর হাসান শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী এক পরিবারের আয়োজিত অনুষ্ঠানের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় আবদুল মোতালেবের বাড়ির উঠানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠানস্থলে অবস্থানকালে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং পরে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আবদুল মোতালেব দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানের ডিলার হিসেবে ব্যবসা পরিচালনা করতেন। তিনি মৃত্যুকালে স্ত্রী ও তিন সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

শুক্রবার সকালে গুণবতী মাদ্রাসা মোড়ে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির ইউসুফ মেম্বার, মরহুমের মামা ও চট্টগ্রামের ঠিকাদার নুরুল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।