দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। সব মিলিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ৭৫০ শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং একই সময়ে আরও ৯০১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে এই সময়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১৩ হাজার ৩২৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৯ হাজার ৮৯৯ জনের মধ্যে।

এদিকে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ৮৩২ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ৮৯ হাজার ২৩৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।