বান্দরবান পার্বত্য জেলার সকল পর্যটনকেন্দ্রে ভ্রমণ নিষেধাজ্ঞা আগামী ১৫ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যটন সেল থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত একটি জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। এর আগে গত ৮ জুলাই এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছিল, যার ধারাবাহিকতায় নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে।
জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে টানা ভারী বর্ষণের ফলে জেলার বিভিন্ন স্থানের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পাহাড়ধস, আকস্মিক বন্যা এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রবল আশঙ্কার পরিপ্রেক্ষিতে পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে ট্যুর অপারেটর, পর্যটক ও সাধারণ মানুষের ভ্রমণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকলকে এই সময়ের মধ্যে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। টানা বর্ষণ ও বন্যার কারণে বর্তমানে জেলাজুড়ে সার্বিক পরিস্থিতি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলেই জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।