কক্সবাজারের চকরিয়া উপজেলায় বন্যার পানিতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ১২ বছর বয়সী কিশোরী হাসনাতুল জান্নাত ঝর্ণার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। নিহত ঝর্ণা স্থানীয় বাসিন্দা আব্দুল মালেকের মেয়ে।

ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে আব্দুল মালেক তার পরিবারের সদস্যদের নিয়ে বন্যার পানি থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে নৌকায় করে আত্মীয়ের বাড়ির দিকে রওনা হন। রসুলাবাদ এলাকায় পৌঁছালে প্রবল স্রোতের তোড়ে নৌকাটি উল্টে যায়। এতে ঝর্ণাসহ তার তিন বোন পানিতে ডুবে যায়। স্থানীয়দের সহযোগিতায় ঝর্ণার অন্য দুই বোন সাওরিন মনি ও জেরিনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তাদের মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, দীর্ঘ উদ্ধার অভিযানের পর ঝর্ণার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। চকরিয়া ফায়ার সার্ভিসের পরিদর্শক দিদারুল হক জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয় এবং চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল অভিযানে অংশ নেয়।

বরইতলী ইউনিয়নের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান জানান, টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এলাকায় তীব্র স্রোত সৃষ্টি হয়েছে। অধিকাংশ সড়ক তলিয়ে যাওয়ায় স্থানীয়রা নৌকায় চলাচল করতে বাধ্য হচ্ছেন, যার ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। প্রশাসনের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বন্যায় কক্সবাজার জেলায় এ পর্যন্ত মোট ২৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।