বাহামাসে ৫৩তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতির মধ্যেই এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় ১০ জন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) দেশটির রাজধানী নাসাউয়ের পশ্চিমে উত্তর অ্যানড্রয় এলাকার জলভাগে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

বাহামিয়ান বিমান দুর্ঘটনা তদন্ত বিভাগ (AAID) নিশ্চিত করেছে যে, দুর্ঘটনাকবলিত যানটি স্থানীয়ভাবে নিবন্ধিত ‘সেসনা ৪০২’ মডেলের একটি ছোট বিমান ছিল। বিমানটি নাসাউয়ের লিন্ডেন পিন্ডলিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সান অ্যানড্রসের উদ্দেশ্যে ওড়ার পরপরই বিধ্বস্ত হয়।

এক সংবাদ সম্মেলনে বাহামাসের প্রধানমন্ত্রী ফিলিপ ব্রেভ ডেভিস গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, উদ্ধারকাজের শুরুতে একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এখন পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

দেশজুড়ে স্বাধীনতা দিবসের উৎসবমুখর পরিবেশের মাঝে এই বড় বিপর্যয় পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে। প্রধানমন্ত্রী নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।