ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ রাতে মুখোমুখি হতে যাচ্ছে নরওয়ে ও ইংল্যান্ড। তবে এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে নিজেদের চেয়ে প্রতিপক্ষ ইংল্যান্ডকেই এগিয়ে রাখছেন নরওয়ের প্রধান কোচ স্টেল সোলবাক্কেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবেই জানিয়েছেন, এই ম্যাচে ফেবারিট হিসেবেই মাঠে নামছে ইংল্যান্ড।
বাংলাদেশ সময় আজ রাত ৩টায় মিয়ামিতে ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে দুই দলই মাঠে নামবে। সোলবাক্কেন বলেন, ‘ইংল্যান্ডই ফেবারিট, কিন্তু তারা খুব বড় ব্যবধানে ফেবারিট নয়।’
এর আগে শেষ ষোলোর লড়াইয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে। দলটির স্কোয়াডে মার্টিন ওডেগার্ড ও আরলিং হালান্ডের মতো প্রিমিয়ার লিগে খেলা তারকা ফুটবলাররা রয়েছেন।
বিশ্বকাপের ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে নরওয়ে কোচ বলেন, ‘বিশ্বকাপের ইতিহাস বিবেচনায় ব্রাজিল ও ইংল্যান্ড সম্ভবত সবচেয়ে বড় দুই দল, যাদের মুখোমুখি আমরা হতে পারতাম।’
উল্লেখ্য যে, আজকের এই ম্যাচের বিজয়ী দল আগামী বুধবার আটলান্টায় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড ম্যাচের বিজয়ীর সাথে।