কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে একটি লাল গোলাপ উপহার দিয়ে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন বলেছেন, এই দেশে এখন অরিজিনাল নেতার প্রয়োজন, হাইব্রিড নেতার কোনো প্রয়োজন নেই। শনিবার কুমিল্লায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে বাখরাবাদ এলাকায় মন্ত্রীর খামার প্রকল্প পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।
প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে উদ্দেশ্য করে কৃষিমন্ত্রী আরও বলেন, আমি বিশ্বাস করি তোমার কর্মকাণ্ডে মানুষের মধ্যেও অনেক উৎসাহ তৈরি হয়েছে। আজকে যেমন তোমাকে ফুলের মতো পবিত্র মনে হচ্ছে, বাকি জীবনটাও যেন মানুষ তোমাকে এভাবেই পবিত্র হিসেবে অনুভব করে।
এর আগে শনিবার সকাল ১০টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী। উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে তিনি একটি র্যালিতে অংশগ্রহণ করেন এবং র্যালি শেষে মেলার বিভিন্ন ফলজ ও বনজ গাছের স্টল পরিদর্শন করেন।
এ সময় কৃষিমন্ত্রী আরও জানান, সাম্প্রতিক বন্যায় দেশের যেসব এলাকায় কৃষক ও চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সরকার তাদের পাশে দাঁড়াবে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে তালিকা প্রস্তুত করে সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।