ফুটবল বিশ্বকাপের এবারের আসরে রেকর্ড ৪৮টি দেশ ১০৪টি ম্যাচে অংশ নিচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতার ৭৮টি ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। এই ম্যাচের সাধারণ টিকিটের সর্বোচ্চ দাম ৩২,৯৭০ ডলার এবং খাবার-পানীয়সহ হসপিটালিটি টিকিটের দাম সাড়ে ৩২ হাজার থেকে সাড়ে ৩৪ হাজার ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
টিকিট বিক্রির বাইরেও আয় বাড়াতে ফিফা এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। তারা বিশ্বকাপ ফাইনাল ম্যাচের মাঠের ঘাসের টুকরো বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। সংগ্রাহকদের জন্য তৈরি এই প্রতিটি টুকরোর দাম ধরা হয়েছে ৪৫০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৫৫ হাজার টাকার বেশি। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি টুকরো ১৭.৫/১৭.৫/১৭.৭ পরিমাপের হবে। তবে এই পরিমাপের একক ইঞ্চি, সেন্টিমিটার নাকি মিলিমিটার, তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য না থাকায় অনেক আগ্রহী ক্রেতা বিভ্রান্তিতে পড়েছেন। এ বিষয়ে ফিফার কর্তাদের কাছে জানতে চাইলেও কোনো উত্তর পাওয়া যায়নি।
ফিফার ওয়েবসাইট অনুযায়ী, প্রতিটি ঘাসের টুকরো উচ্চমানের অ্যাক্রিলিকে সংরক্ষিত থাকবে এবং এর সাথে একটি স্মারক থাকবে। ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর এই স্মারকগুলো ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া হবে। তবে এই সুবিধা কেবল আমেরিকা এবং ইউরোপের বাসিন্দারা পাবেন, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কারণ বিশ্বের অন্য কোনো অঞ্চলে এই স্মারক পৌঁছে দেওয়ার কোনো পরিকল্পনা ফিফার নেই।