জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, বর্তমান সরকারের বিভিন্ন সংকটের কারণে দেশের নাগরিক জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। শনিবার বিকেলে চাঁদপুর শহরের বায়তুল আমিন চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে এক পদযাত্রা শেষে পথসভায় তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, সরকার দায়িত্ব গ্রহণের পর ছয় মাসের মধ্যে কর্মসংস্থান সৃষ্টির যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। ফলে বেকারত্বের সমস্যা আগের মতোই রয়ে গেছে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দাম এবং অতিরিক্ত লোডশেডিং সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি করেছে বলে তিনি উল্লেখ করেন।
জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, সরকার ইরান-সংক্রান্ত যুদ্ধ পরিস্থিতির দোহাই দিয়ে তেলের দাম বাড়ালেও বিদ্যুৎ পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের জন্য গঠিত কমিটিকে তিনি “আলংকারিক উদ্যোগ” হিসেবে অভিহিত করে বলেন, এই কমিটি জ্বালানি খাতের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়েছে।
গণভোটের বিষয়ে হাসনাত আবদুল্লাহ দাবি করেন, সরকার গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে, অথচ তার দাবি অনুযায়ী প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ছিল। তিনি অভিযোগ করেন, সরকার ভোটের ফলাফল চুরি করেছে, যা অতীতের ভোট চুরির মতোই একটি ঘটনা।
তিনি আরও জানান, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলসহ বিভিন্ন জেলা প্লাবিত হওয়ায় আজকের কর্মসূচি সংক্ষিপ্ত করে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছেন। জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে পথসভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্যসচিব ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম এবং যুগ্ম সদস্যসচিব মহিউদ্দিন রনিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।