দেশের সব স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন (ইসি)। এই সময়সীমা নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ সংশোধন করা হয়েছে।
নতুন এই বিধানের আওতায় এখন থেকে জেলা পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনের ক্ষেত্রেও ভোটের ২৫ দিন আগে কেন্দ্রের তালিকা চূড়ান্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি, সব স্থানীয় সরকার নির্বাচনে ভোট ব্যবস্থাপনায় নতুন নিয়ম যুক্ত করা হয়েছে, যার অধীনে প্রতি ৬০০ পুরুষ ও ৫০০ নারী ভোটারের জন্য একটি করে ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে। এরপর অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন শুরু করার লক্ষ্য নিয়ে কাজ করছে ইসি। একইসঙ্গে, আসন্ন এসব নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সীমানা পুনর্নির্ধারণের কার্যক্রমও দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।