বন্যা পরিস্থিতির অবনতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য আগামী ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (১১ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

ঢাকা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলা প্রশাসকের প্রতিবেদন এবং পরীক্ষা নিয়ন্ত্রকের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর ফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত থাকবে। একই সঙ্গে এই এলাকার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের নির্ধারিত পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

তবে এই সিদ্ধান্ত শুধুমাত্র চট্টগ্রাম শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাভুক্ত নয় এমন অন্যান্য শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট জেলার পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি নিশ্চিত করেছে।