যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। ৭১ বছর বয়সী এই আইনপ্রণেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। তার কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় ‘স্বল্প সময়ের হঠাৎ অসুস্থতার’ পর তিনি মৃত্যুবরণ করেন।
সাউথ ক্যারোলাইনা থেকে নির্বাচিত এই সিনেটর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। আন্তর্জাতিক রাজনীতিতে তিনি ইরানের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান নেওয়ার জন্য পরিচিত ছিলেন। এছাড়া ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদানের পক্ষেও তিনি জোরালো কণ্ঠস্বর ছিলেন।
গ্রাহামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার কার্যালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে জানানো হয়, এই কঠিন সময়ে তার পরিবারের সদস্যরা সবার কাছে দোয়া চেয়েছেন এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন।
তার প্রয়াণে শোক প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প গ্রাহামকে ‘একজন মহান ব্যক্তি’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘তিনি সবসময় দেশের জন্য কাজ করে গেছেন। তার অভাব গভীরভাবে অনুভূত হবে।’
ইসরাইলের অন্যতম ঘনিষ্ঠ সমর্থক হিসেবেও গ্রাহামের পরিচিতি ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শোক প্রকাশ করে বলেন, ‘ইসরায়েল তার অন্যতম সেরা বন্ধুকে হারিয়েছে। আর আমি হারালাম একজন প্রিয় বন্ধুকে।’ নেতানিয়াহু আরও উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরাপত্তা যে একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তা গ্রাহাম গভীরভাবে উপলব্ধি করতেন।