টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা এবং ভূমিধসের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় দেশের ১১টি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি যে ১১টি জেলায় কার্যক্রম পরিচালনা করছে সেগুলো হলো—বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর। দুর্যোগ মোকাবিলায় এসব জেলায় মোট ৯০টি পয়েন্টে বিজিবির পক্ষ থেকে সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মনিটরিং করা হচ্ছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্তদের নিরাপদ আশ্রয় প্রদান, ত্রাণসামগ্রী বিতরণ, জরুরি চিকিৎসা সহায়তা, যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষায় তারা কাজ করছে। বিশেষ করে বান্দরবানের বন্যাকবলিত এলাকা থেকে এখন পর্যন্ত ১১৬ জন পর্যটকসহ ১২২টি পরিবারের ছয় শতাধিক মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। এছাড়া দুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং ৪৮ জনকে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
পাহাড়ি এলাকায় যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতেও বিজিবি ভূমিকা রাখছে। বান্দরবান-রোয়াংছড়ি সড়কে উপড়ে পড়া গাছ ও ধ্বংসাবশেষ অপসারণের পাশাপাশি নাইক্ষ্যংছড়িতে ভূমিক্ষয়ের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া স্টিলের সেতু রক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই উদ্ধার, ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।