মার্কিন পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়ের আসর বসেছিল নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে। এই রাজকীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে ভেন্যুর চারপাশে জমে থাকা আবর্জনা এখন আয়ের উৎস হিসেবে বেছে নিয়েছেন কুইন্সের এক শিল্পী জাস্টিন গিগনাক। সাধারণের চোখে যা ময়লা, তা-ই এখন চড়া দামে বিক্রি করছেন তিনি।
গত শুক্রবার বিয়ের অনুষ্ঠান চলাকালে গিগনাক ভেন্যুর আশপাশ থেকে এসব আবর্জনা সংগ্রহ করেন। তিনি জানান, সংগৃহীত জিনিসের মধ্যে রয়েছে একটি ‘রিং পপ’ ক্যান্ডি, একটি এয়ারপড এবং একটি ওভুলেশন টেস্ট কিট। এসব বিচিত্র সব আবর্জনাকে তিনি ছোট ও বড় স্বচ্ছ প্লাস্টিকের বাক্সে বন্দি করেছেন। তিনি জানান, ৫০টি ছোট ‘পকেট গার্বেজ’ কিউবের প্রতিটির দাম ২৫ ডলার এবং সাধারণ আবর্জনার বড় কিউবগুলোর দাম ১০০ ডলার করে নির্ধারণ করা হয়েছে।
গিগনাক অবশ্য স্বীকার করেছেন, এসব আবর্জনা সরাসরি বর-কনে বা অতিথিদের ফেলা—এমন কোনো নিশ্চয়তা নেই। তবে স্থান ও তারিখের বিশেষত্বের কারণে এগুলো সংগ্রহে রাখার মতো বিষয় বলে তিনি মনে করেন। গত ২৫ বছর ধরে আবর্জনা নিয়ে কাজ করা এই শিল্পী জানান, পরিত্যক্ত জিনিসের মধ্যেও আনন্দ ও সৌন্দর্য খুঁজে পাওয়া সম্ভব।
নিউ ইয়র্কবাসীরা শিল্পীর এই উদ্যোগকে ইতিবাচকভাবেই দেখছেন। মিডটাউনের বাসিন্দা নাটালিয়া ক্রুজ বলেন, সুইফট ভক্ত বা ‘সুইফটিদের’ কাছে প্রিয় তারকার সঙ্গে সম্পৃক্ত যেকোনো কিছুরই অনেক মূল্য। তাই মানুষ শখের বশেই এই ময়লাভর্তি বাক্সগুলো কিনবে বলে ধারণা করা হচ্ছে। অনেক পর্যটক একে সুযোগ কাজে লাগানোর একটি চমৎকার উদাহরণ হিসেবে দেখছেন।