সরকার গঠনের পর প্রথমবারের মতো সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বরিশালসহ পুরো দক্ষিণাঞ্চলে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
রোববার (১২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, সোমবার সকালে সড়কপথে বরিশাল পৌঁছাবেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী সফরের অংশ হিসেবে তিনি বেশ কয়েকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।
নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল-বটাজোরে বৃক্ষরোপণ, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরনদীর পাশে বৃক্ষরোপণ কর্মসূচি।
অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, সফরের সব কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সোমবার সন্ধ্যায় ঢাকায় ফিরে আসবেন।