ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। রবিবার (১২ জুলাই) ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট করেন যে, শেখ হাসিনা দেশে পা রাখার সঙ্গে সঙ্গেই তাকে আইন অনুযায়ী গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।
চিফ প্রসিকিউটর আরও জানান, বর্তমানে শেখ হাসিনা ভারত সরকারের নিয়ন্ত্রণে অবস্থান করছেন। ফলে তিনি যদি বাংলাদেশে ফিরতে চান, তবে তাকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান কূটনৈতিক ও আইনি প্রক্রিয়াগুলো অনুসরণ করতে হবে।
এ সময় ট্রাইব্যুনালের চলমান বিভিন্ন মামলার অগ্রগতির তথ্য তুলে ধরেন মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি জানান, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের মামলার তদন্ত সম্পন্ন হয়েছে এবং আগামী ২১ জুলাই এর প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
পাশাপাশি ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের প্রধান ১০টি মামলার তদন্তও এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই এসব মামলার তদন্ত প্রতিবেদনও ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।