রাজনৈতিক বক্তব্যের চেয়ে দেশের জন্য ভালো কিছু করা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকাল ১০টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সরিকল-বাটাজোর খালপাড়ে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

উপস্থিত নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আজ আপনাদের সামনে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না। কারণ রাজনৈতিক বক্তব্যের চেয়ে নিজের দেশের জন্য ভালো কিছু করা অনেক অনেক গুরুত্বপূর্ণ।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে তিনি বলেন, কেবল গাছ রোপণ করলেই কাজ শেষ হয়ে যায় না। এদিন আড়াই হাজার গাছের চারা রোপণ করার কথা উল্লেখ করে তিনি সবাইকে গাছের সঠিক যত্ন নেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, আপনারা যেমন নিজের শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তার যত্ন নেন, ঠিক একইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে।

এর আগে, সোমবার ভোর ৬টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে বাসযোগে বরিশালের উদ্দেশে রওনা হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।