বিশ্বকাপ ফুটবলের দলসংখ্যা ৬৪-তে উন্নীত করার সম্ভাবনা নিয়ে পর্যালোচনা শুরু করার ইঙ্গিত দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার মতে, বিশ্বকাপ কেবল নির্দিষ্ট কিছু অঞ্চলের জন্য সীমাবদ্ধ না রেখে বিশ্বের সব দেশের জন্য একটি স্বপ্নের মঞ্চ হিসেবে উন্মুক্ত করা উচিত। সুইজারল্যান্ডের সংবাদমাধ্যম ব্লু স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ২০২৬ সালের আসর শেষ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
ইনফান্তিনোর ভাষ্যমতে, ফুটবল বিশ্বের বিভিন্ন অঞ্চলে আগের চেয়ে অনেক বেশি উন্নত হয়েছে। ছোট দেশগুলোকে বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ দিলে তা সংশ্লিষ্ট দেশগুলোতে ফুটবলের উন্নয়নে বড় ধরনের প্রেরণা জোগাবে। তিনি ২০২৬ বিশ্বকাপের সাফল্য তুলে ধরে জানান, এবারের আসরে আফ্রিকার ১০টি দেশের মধ্যে ৯টিই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে, যেখানে আগের বিশ্বকাপে মহাদেশটি থেকে মাত্র পাঁচটি দল সুযোগ পেয়েছিল।
উল্লেখ্য, ২০১৭ সালে ফিফা বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করার সিদ্ধান্ত নিয়েছিল। পরবর্তীতে ২০২৫ সালের এপ্রিলে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল ২০৩০ সাল থেকে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেয়। যদিও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। ফিফা কাউন্সিলের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকা এই প্রস্তাব নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে আলোচনা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
২০৩০ সালের বিশ্বকাপের প্রধান আয়োজক হিসেবে স্পেন, পর্তুগাল ও মরক্কোর নাম চূড়ান্ত করা হয়েছে। এছাড়া বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে উদ্বোধনী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ১৯৩০ সালে উরুগুয়ে প্রথম বিশ্বকাপের আয়োজক ছিল।
এদিকে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের ধারণার বিপরীতে বিভিন্ন মহলের সমালোচনা ও উদ্বেগ রয়েছে। উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন এই প্রস্তাবকে একটি ‘খারাপ ধারণা’ হিসেবে অভিহিত করেছেন। এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা এবং কনকাকাফ সভাপতি ভিক্টর মন্টাগ্লিয়ানি আশঙ্কা প্রকাশ করেছেন যে, দল বাড়ালে প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট হতে পারে এবং ফুটবলের সামগ্রিক কাঠামোর ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ২০৩৮ বিশ্বকাপ আয়োজনে আগ্রহী এবং ৬৪ দলের আসর হলেও তা সফলভাবে পরিচালনা করা সম্ভব।