গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সাইদুল ইসলামের বিরুদ্ধে। রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার গড়গড়িয়া বেরাইদেরচালা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী দুই সন্তানকে রেখে গা ঢাকা দিয়েছেন।

নিহত নাছিমা আক্তার (২৭) নেত্রকোনার পূর্বধলা উপজেলার খৈলাসপুর বনপাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। স্বজনদের তথ্যমতে, ১১ বছর আগে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গিদাপাড়া গ্রামের সাইদুল ইসলামের সঙ্গে নাছিমার বিয়ে হয়েছিল। দীর্ঘদিনের দাম্পত্য কলহের কারণে ছয় মাস আগে থেকে নাছিমা তার সন্তানদের নিয়ে শ্রীপুরে একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম জানান, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছে।