দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩২৭ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রবিবার (১২ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন ঢাকা বিভাগের এবং অন্যজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা ছিলেন। চলতি বছরে এখন পর্যন্ত ঢাকা বিভাগেই সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে সবচেয়ে বেশি ১৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে এই বিভাগের হাসপাতালগুলোতে মোট ২৯৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, বরিশাল বিভাগে একই সময়ে ৬১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বর্তমানে সেখানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৯৭ জন।