খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার সংলগ্ন নতুন আবাসিক এলাকায় এক ইজিবাইক চালককে হত্যার পর তার মরদেহ বাড়ির আঙিনায় মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার কয়েক মাস পর সোমবার বিকেলে পুলিশ ও সিআইডির সহায়তায় মাটি খুঁড়ে একটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় বাড়ির মালিক মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, সোমবার গৃহবধূ ফাল্গুনী খাতুন স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে থানায় হাজির হন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি পুলিশকে জানান, তার স্বামী মুরাদ মোল্লা গত রমজান মাসে কৌশলে এক ইজিবাইক চালককে বাড়িতে ডেকে আনেন এবং তাকে হত্যা করে বাড়ির আঙিনায় মরদেহ পুঁতে রাখেন।
গৃহবধূর দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির মালিক মুরাদ মোল্লাকে হেফাজতে নেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিআইডির সহযোগিতায় বাড়ির আঙিনা খুঁড়ে বিকেল সাড়ে ৩টার দিকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া কঙ্কালটি ময়নাতদন্ত ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দীর্ঘ সময় মাটির নিচে থাকায় মরদেহটি কঙ্কালে পরিণত হয়েছে। ওসি হেলাল উদ্দিন বলেন, নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা, হত্যার প্রকৃত উদ্দেশ্য খুঁজে বের করা এবং এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃত দম্পতিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।