বঙ্গোপসাগরে মাছ ধরার সময় বৈরী আবহাওয়ার কবলে পড়ে কক্সবাজারের কুতুবদিয়ার একটি ট্রলার ডুবে গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ট্রলারে থাকা পাঁচ জেলের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলার থেকে ওই পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান স্থানীয়দের বরাতে জানান, রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় নুরুল আবছারের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার ১২ জন মাঝি-মাল্লা নিয়ে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর সোমবার (১৩ জুলাই) ভোরে বৈরী আবহাওয়ার মধ্যে ট্রলারটি ডুবে যায়।
দুর্ঘটনার পরপরই ট্রলারে থাকা সাত জেলে বিভিন্নভাবে প্রাণ বাঁচাতে সক্ষম হন এবং জীবিত অবস্থায় তাদের উদ্ধার করা হয়। তবে ঘটনার সময় পাঁচ জেলে নিখোঁজ ছিলেন। পরবর্তীতে সোমবার সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলারটি থেকে নিখোঁজ ওই পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়।