১৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের মূল মঞ্চে একক সংগীতানুষ্ঠানে গাইবেন দেশবরেণ্য শিল্পী রুনা লায়লা। শিল্পীর একক এই আয়োজনের বিষয়টি শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ ও শিল্পীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। পারিবারিক কাজে যুক্তরাষ্ট্রে মাসখানেকের বেশি সময় কাটানোর পর সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই শিল্পকলা একাডেমির এই একক অনুষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এই শিল্পী।
অনুষ্ঠানটিতে রুনা লায়লা তাঁর দীর্ঘ সংগীতজীবনের জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় প্রায় ১০টি গান পরিবেশন করবেন। ছয় দশকের সংগীত ক্যারিয়ারে বিভিন্ন সময়ে গাওয়া আলোচিত গানগুলো এই আয়োজনে স্থান পাবে। উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমি গত বছর থেকে দেশবরেণ্য শিল্পীদের নিয়ে ধারাবাহিক একক সংগীতানুষ্ঠানের আয়োজন করে আসছে। এর আগে সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল একাডেমি। সেই ধারাবাহিকতায় এবার রুনা লায়লাকে নিয়ে এই আয়োজন করা হচ্ছে।
নিজের একক এই অনুষ্ঠান প্রসঙ্গে রুনা লায়লা বলেন, নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে আমাদের সংগীতের দীর্ঘ পথচলা, গান ও স্মৃতিগুলো পৌঁছে দেওয়ার জন্য এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ৬২ বছরের পেশাদার সংগীতজীবনে শিল্পকলা একাডেমিতে দুই-তিনবারের বেশি গাওয়া হয়নি, তবে একক গানের অনুষ্ঠান এবারই প্রথম। শ্রোতাদের প্রিয় কিছু গান পরিবেশনের চেষ্টা থাকবে এবং আশা করি শ্রোতাদের সঙ্গে একটি সুন্দর ও স্মরণীয় সন্ধ্যা কাটবে।
উল্লেখ্য, মাসের শেষ দিকে রুনা লায়লার অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে, যেখানে তিনি একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।