বিশ্বকাপের সেমিফাইনালে বুধবার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। দীর্ঘ ২৪ বছর পর ফুটবল বিশ্বকাপের মঞ্চে একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার জো কোল হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সেমিফাইনালে লিওনেল মেসিকে তারা মাটিতে মিশিয়ে দেবেন।
‘দ্য রেস্ট ইজ ফুটবল’ পডকাস্টে জো কোল বলেন, সেমিফাইনালে মেসিকে মাটিতে মিশিয়ে দিতে হবে এবং তারা সেটিই করবেন। পডকাস্টে উপস্থিত আরেক সাবেক ইংলিশ তারকা মিকা রিচার্ডস এ ধরনের মন্তব্যের সমালোচনা করলে কোল তার অবস্থানে অনড় থেকে বলেন, তিনি এমন কথা শতবার বলতে পারেন। কোল আরও আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনাল খেলবে। তার মতে, ইংল্যান্ডের গতির সঙ্গে আর্জেন্টিনা পেরে উঠবে না এবং তারা মাঠে অসহায় হয়ে পড়বে।
আর্জেন্টিনাকে নিয়ে সতর্কবার্তা দিয়েছেন ইংল্যান্ডের আরেক সাবেক তারকা ওয়েন রুনিও। তিনি আর্জেন্টিনার রক্ষণভাগের দুর্বলতা নিয়ে কথা বলেন। রুনি জানান, মেসি রক্ষণে খুব একটা সাহায্য করেন না, যা সেমিফাইনালের মতো ম্যাচে দলের জন্য ঝুঁকির কারণ হতে পারে। রুনি বলেন, জুড বেলিংহ্যাম বা হ্যারি কেনের মতো খেলোয়াড়রা যেমন রক্ষণে সহায়তা করেন, মেসি তা করেন না। এতে রক্ষণভাগে খেলোয়াড় সংখ্যা কমে যায় এবং আর্জেন্টিনা ম্যাচটি হারতে পারে।
তবে মেসির গোল করার ক্ষমতার বিষয়েও রুনি বেশ সচেতন। তিনি বলেন, সামান্য সুযোগ থেকেও গোল করার অদ্ভুত ক্ষমতা মেসির আছে, ঠিক যেমনটা এবার বেলিংহ্যাম করছেন। রুনি মনে করেন, মেসিকে মার্ক করার সময় ইংল্যান্ডের ডিফেন্ডারদের বাড়তি মনোযোগ ও নিজেদের মধ্যে সঠিক যোগাযোগ রাখা অত্যন্ত জরুরি। অন্যথায় মেসি রক্ষণভাগকে বোকা বানিয়ে বেরিয়ে যেতে পারেন বলে সতর্ক করেছেন রুনি।
এ সময় পডকাস্টে উপস্থিত ইংল্যান্ডের সাবেক ফুটবলার মিকা রিচার্ডস বলেন, ‘তুমি (কোল) এ রকম কথা বলতে পার না।’ জবাবে কোল বলেন, ‘১০০ বার বলতে পারি।’