ভবিষ্যৎ বাংলাদেশের জন্য বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বা স্টেম (STEM) শিক্ষার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ব্র‍্যাক এবং এলইজিও ফাউন্ডেশন আয়োজিত ‘সাসটেইনিং, প্লে, লার্নিং অ্যান্ড স্কিলস ইন হিউম্যানিটারিয়ান কনটেক্সটস (স্প্ল্যাশ)’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে প্রতিমন্ত্রী জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার ভিত্তি তৈরিতে খেলার মাধ্যমে শেখার পরিবেশ নিশ্চিত করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে শিক্ষাই হবে সবচেয়ে বড় বিনিয়োগ, আর সেই বিনিয়োগের মূল কেন্দ্রবিন্দু হবে মানসম্মত প্রাথমিক শিক্ষা। বর্তমানে দেশের উচ্চ মাধ্যমিক পর্যায়ে মাত্র ২০ শতাংশ শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে পড়ছে, যা একটি জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্র গঠনের জন্য অপর্যাপ্ত। তাই প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের স্টেম বিষয়ে আগ্রহী করে তোলার ওপর তিনি জোর দেন, যাতে ভবিষ্যতে তারা আত্মবিশ্বাসের সঙ্গে বিজ্ঞানভিত্তিক শিক্ষাকে বেছে নিতে পারে।

ব্র্যাক, লেগো এবং বিভিন্ন উন্নয়ন সহযোগীদের বাস্তবায়িত প্লে-বেইজড শিক্ষা কার্যক্রম সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে জানিয়ে ববি হাজ্জাজ বলেন, এসব মডেল মূল্যায়ন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে-ল্যাব ও স্টেম ল্যাব চালুর সম্ভাবনা যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে কয়েকশ বিদ্যালয়ে এই পাইলট প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এছাড়া সরকার সব ধারার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি অভিন্ন ন্যূনতম শিক্ষার মান নির্ধারণে কাজ করছে, যেখানে শিক্ষক, পাঠ্যক্রম ও অবকাঠামোর জাতীয় মানদণ্ড প্রতিষ্ঠা করা হবে।

বর্তমানে প্রাথমিক শিক্ষায় ভাষা, গণিত ও ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের শেখার অর্জন এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি বলে তিনি উল্লেখ করেন। এই বাস্তবতা পরিবর্তনে সরকার শিক্ষা সংস্কার, যুগোপযোগী কারিকুলাম, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং স্টেম-ভিত্তিক শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে প্রতিমন্ত্রী জানিয়েছেন।

আজ সোমবার (১৩ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ব্র‍্যাক এবং এলইজিও ফাউন্ডেশন আয়োজিত সাসটেইনিং, প্লে, লার্নিং অ্যান্ড স্কিলস ইন হিউম্যানিটারিয়ান কনটেক্সটস (স্প্ল্যাশ) কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।