দেশের বাজারে আবারও সোনার গহনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকের পর কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত আগের দামেই লেনদেন হয়েছে।
গত দুই দিনে ভালো মানের এক ভরি সোনার দাম মোট ৪ হাজার ৩৭৪ টাকা কমেছে। এর আগে ১৩ জুলাই ভালো মানের সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।