দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করার প্রতিবাদে রাজপথে নেমে তীব্র বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় এবং উত্তরা বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধ করে তারা এই কর্মসূচি পালন করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের (শিক্ষার্থীদের স্লোগানে উল্লিখিত ‘মিলন’) পদত্যাগের দাবি জানিয়েছেন।

বিক্ষোভের কারণে সায়েন্সল্যাব, নিউমার্কেট, ধানমন্ডি, উত্তরা ও আশপাশের এলাকার সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হলে সাধারণ যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন। যদিও এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষোভ ও কটাক্ষের স্লোগান দেন। তাদের কণ্ঠে শোনা যায়, ‘দফা এক দাবি এক, মিলনের পদত্যাগ’, ‘এক দুই তিন চার, মিলন তুই গদি ছাড়’ এবং ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি, ফার্মের মুরগি’।

আন্দোলনকারীরা জানান, প্রতিকূল আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এবং শিক্ষার্থীদের প্রতি অসম্মানজনক মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল থেকেই ঢাকার বিভিন্ন পয়েন্টে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। উত্তরা ও সায়েন্সল্যাব ছাড়াও রাজধানীর শাহবাগ ও মিরপুরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এছাড়া ঢাকার বাইরে রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনেও পরীক্ষার্থীদের অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালনের কথা রয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।