দেশের সম্ভাবনাময় উদ্যোক্তাদের সহায়তার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল থেকে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঘোষণা দেন। ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’-এরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, এই বিশেষ অর্থায়নের জন্য কোনো মন্ত্রী বা উপদেষ্টা নয়, বরং একটি সম্পূর্ণ নিরপেক্ষ কমিটি কাজ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় তিনি জানান, প্রকল্পের সম্ভাবনাই হবে এই জামানতবিহীন ঋণ পাওয়ার মূল মাপকাঠি। সরকারি এই তহবিলের শতভাগ জবাবদিহি নিশ্চিত করেই অর্থায়ন কার্যক্রম পরিচালিত হবে বলে তিনি আশ্বস্ত করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।