শিক্ষার্থীদের নিয়ে করা একটি মন্তব্যের জন্য জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এই দুঃখ প্রকাশ করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে ওইদিন প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
নিজের বক্তব্যের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকে আপত্তি জানিয়েছেন। আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলতে চাইনি। যদি কেউ আমার কথায় আহত হয়ে থাকেন, তবে আমি সিম্পলি দুঃখ প্রকাশ করছি।
এ সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, সংসদ ভবনের দিকে ছাত্ররা আসছে পরীক্ষা পেছানোর দাবিতে। গত কয়েকদিন পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার সময় বৃষ্টি ছিল এবং অনেকে ভিজেছে, যার ফলে অনেকেই সঠিকভাবে পরীক্ষা দিতে পারেনি। আমরা সব সময় বিষয়টি মনিটরিং করছি। শিক্ষার্থীদের পক্ষ থেকে পরীক্ষা পেছানোর দাবি এসেছে এবং আমরা ইতোমধ্যেই চট্টগ্রামের পরীক্ষা বন্ধ করে দিয়েছি। আমাদের পুনরায় পরীক্ষা নিতেই হবে।