টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি উপজেলার সদর, মগনামা ও টইটং ইউনিয়নের বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

পরিদর্শনের শুরুতে তিনি সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামার নন্দীরপাড়া ও বাজারপাড়া এলাকা ঘুরে দেখেন। পরে নন্দীরপাড়া স্টেশন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। এরপর তিনি মগনামা ইউনিয়নের পশ্চিম বাজারপাড়া পরিদর্শন করেন এবং পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আশ্রয় নেওয়া পানিবন্দি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। দিনের শেষভাগে তিনি টইটং ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নেন।

এ সময় স্থানীয়দের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, তারা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করতে জানে। তিনি আরও জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি আগামী দু-এক দিনের মধ্যে পেকুয়া-চকরিয়া সফরে আসবেন। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মন্নান, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছাফওয়ানুল করিম, মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুচ চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুটসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।