চট্টগ্রাম শিক্ষা বোর্ড ব্যতীত দেশের সকল বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা চলমান থাকবে। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশজুড়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ (২০২৬) চলমান রয়েছে এবং সরকারের বিভিন্ন দপ্তরের অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মাহ্দী আমিন বলেন, বর্তমানে সারাদেশে ২,৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। বিরূপ আবহাওয়ার কারণে সৃষ্ট পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সাথে আলোচনার পর পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় ১৬ জুলাই পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও জানান, কোনো পরীক্ষার্থীর দুর্ভোগ কাম্য নয়। স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন যাতায়াত বা জলাবদ্ধতার সমস্যা হলে তারা প্রয়োজনে কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত বা সময় বৃদ্ধির মতো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারেন। বিরূপ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে, তাদের চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার দিন সুযোগ দেওয়া হবে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৯৩টি কেন্দ্রের মধ্যে আকস্মিক জলাবদ্ধতার কারণে, মূলত একটি কেন্দ্রের ৯৮৭ (৯৮৭) জন পরীক্ষার্থী সাময়িক সমস্যায় পড়ে। জেলা প্রশাসন ও শিক্ষা বোর্ডের সমন্বয়ে পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে পূর্ণ সময় নিশ্চিত করা হয়েছে। এছাড়া পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে দুটি ভুল থাকায় সংশ্লিষ্টদের ফুল মার্কস দেওয়ার বিষয়টি শিক্ষার্থীদের স্বার্থেই করা হয়েছে বলে তিনি জানান।

কেবল একটি কেন্দ্রের এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক হলেও, কুমিল্লা বোর্ডের বাকি ১৯২টি (১৯২ট) কেন্দ্রের প্রায় সকল শিক্ষার্থীর পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সারা দেশে ২,৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, তার মধ্যে মুষ্টিমেয় কিছু কেন্দ্রের ছবি ও ভিডিও নিশ্চয়ই পুরো পরীক্ষা ব্যবস্থার প্রতিনিধিত্ব করে না। তিনি শিক্ষার্থীদের গুজবে কান না দিয়ে নিজের মেধা ও যোগ্যতার ওপর আস্থা রেখে পড়াশোনায় মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন।