অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে দেশের সাত জেলায় এখন পর্যন্ত মোট ৫৬ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল ৪টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সারা দেশে মোট ৩২৯টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে বর্তমানে ১০ হাজার ৮৫৪ জন আশ্রয় গ্রহণ করেছেন। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান তুহিন জানান, বন্যাকবলিত জেলাগুলোর মধ্যে রয়েছে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ। মন্ত্রণালয়ের সারসংক্ষেপে বন্যাপ্লাবিত উপজেলার সংখ্যা ৫৯টি উল্লেখ করা হলেও জেলাভিত্তিক তালিকার মোট হিসাবে ৫৭টি উপজেলার কথা বলা হয়েছে। এছাড়া মোট ৩৩৪টি ইউনিয়ন ও ১২টি পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাণহানির দিক থেকে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি কক্সবাজারে, যেখানে ৩১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৮ জন স্থানীয় বাসিন্দা এবং ১৩ জন রোহিঙ্গা। কক্সবাজারে আহত হয়েছেন ২৪ জন এবং একজন নিখোঁজ রয়েছেন। এছাড়া চট্টগ্রামে ১৫ জনের মৃত্যু ও ১২ জন আহতের খবর পাওয়া গেছে। বান্দরবানে ছয় জন, রাঙামাটিতে তিন জন এবং মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া খাগড়াছড়িতে একজন এবং বান্দরবানে আরও দুজন আহত হয়েছেন বলে মন্ত্রণালয়ের প্রতিবেদনে জানানো হয়েছে।