বিএনপি ছাড়া অতীতে অন্য কোনো দলের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো জোট ছিল না বলে স্পষ্ট করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে আইনমন্ত্রীর এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এ দাবি করেন।

সংসদ অধিবেশনে নিজের বক্তব্য তুলে ধরতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আমি জুলাইয়ের প্রেক্ষাপটে বক্তব্য শুনতে চেয়েছিলাম। কিন্তু অনেকে আলোচনার মোড় ঘুরিয়ে অতীতে ফিরে যাচ্ছেন। কেউ কেউ ৯৬ সাল পর্যন্ত টেনে আনছেন, আবার কেউ চাইলে ৯১ সালেও যেতে পারতেন। ৯৬ সালের প্রেক্ষাপট নিয়ে যারা কথা বলছেন, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, সে সময় আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের কোনো জোট হয়নি।

জামায়াত আমির আরও বলেন, আমাদের জোট অতীতে শুধু বিএনপির সঙ্গেই হয়েছে। এর বাইরে অন্য কারও সঙ্গে জোট করার কোনো ইতিহাস নেই। যারা অন্য কোনো জোটের দাবি করছেন, তাদের এমন মন্তব্যকে তিনি ইতিহাস জানার ঘাটতি এবং রাজনীতিতে অনভিজ্ঞতা হিসেবে অভিহিত করেন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, যদি কেউ অন্য কোনো জোটের কথা বলে থাকেন, তবে তা পুরোপুরি মিথ্যা।

মন্ত্রিপরিষদের সদস্যদের বক্তব্যের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, মন্ত্রীরা যখন সংসদে কথা বলবেন, তখন আমরা সঠিক তথ্য ও বক্তব্য আশা করি। ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে যুগপৎ আন্দোলনের বিষয়ে তিনি বলেন, সেই প্রেক্ষাপটে এখন আর বিস্তারিত যাবো না, তবে এই বিষয়ে সুযোগ পেলে ভবিষ্যতে সংসদে বিস্তারিত কথা বলবেন।

জামায়াত আমির বলেন, আমি সংসদে জুলাইয়ের বক্তব্য শুনতে চেয়েছিলাম। অনেকে আবার পেছনের দিকে দৌড়াতে গিয়ে ৯৬ (১৯৯৬) সাল পযর্ন্ত গেলেন। তারা আরও একটু গেলে ৯১ (১৯৯১) সালে যেতে পারতেন। আপনি ৯৬ সালে থেমে গেলেন কেন? ৯৬ এর ব্যাখ্যা দিয়েছেন চমৎকারভাবে।

তিনি বলেন, ১৯৯৬ সালে একসঙ্গে (আওয়ামী লীগের সঙ্গে) আমরা জোট করিনি। আমাদের জোট হয়েছে বিএনপির সঙ্গে। এর বাইরের কারও সঙ্গে জোট হয়নি। যদি এটা বলা হয় তবে ১ থেকে ১০০ পর্যন্ত পুরোটাই মিথ্যা। যারা বলেন এটা তাদের ইতিহাস জানার কমতি, এটা তাদের রাজনীতিতে অনভিজ্ঞতা।