নোবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নোবিপ্রবি প্রতিনিধি | মো. সামিউল হাসান স্বাধীন

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়াম সংলগ্ন মাঠে আয়োজিত এ কর্মসূচির প্রতিপাদ্য ছিল— “একটি চারা, একটি প্রাণ, নোবিপ্রবিসাসের আহ্বান।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নোবিপ্রবি সাংবাদিক সমিতির উপদেষ্টা অধ্যাপক এ এফ এম আরিফুর রহমান, প্রথম আলোর সিনিয়র রিপোর্টার আরিফুর রহমান, মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের হেড অব মাল্টিমিডিয়া ফখরুল ইসলাম, নোবিপ্রবিসাসের সাবেক সভাপতি ও বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক আব্দুল কবীর ফারহান এবং সংগঠনের সাবেক সভাপতি মো. ইমাম হোসাইন মিয়াজী।

নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি নাহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ, সাধারণ সদস্য এবং নবীন সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। নোবিপ্রবি ক্যাম্পাসকে একটি সবুজ ও পরিবেশবান্ধব মডেল ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংবাদ পরিবেশনের পাশাপাশি সাংবাদিক সমিতির এমন সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তরুণ প্রজন্মের হাত ধরেই আমাদের প্রকৃতি ও পরিবেশ আরও সুরক্ষিত হবে।”

সভাপতির বক্তব্যে নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি নাহিদুল ইসলাম উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছি। ভবিষ্যতেও ক্যাম্পাস ও শিক্ষার্থীদের কল্যাণে পরিবেশবান্ধব এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।”

কর্মসূচি শেষে অতিথিবৃন্দ ও সংগঠনের সদস্যরা ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন।