বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও পল্লীবন্ধু মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বালিয়াডাঙ্গী উপজেলার ডাঙ্গী বাজার বেগম মার্কেটস্থ দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক মো. মতলেবুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় মহিলা পার্টির সভাপতি নূরুন নাহার বেগম

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মো. শামসুদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ দেশের উন্নয়ন ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। উপজেলা ব্যবস্থা চালুর মাধ্যমে তিনি তৃণমূল প্রশাসনকে শক্তিশালী করেন। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক, সেতু, কালভার্ট, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, পল্লীবন্ধু ছিলেন গণমানুষের নেতা। তার আদর্শ ও রাজনৈতিক দর্শন অনুসরণ করে জাতীয় পার্টিকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান তারা। একই সঙ্গে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তার আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে মরহুম পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।