শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন এবং পরীক্ষা স্থগিতের জোর দাবির মধ্যেই শিক্ষা প্রশাসন তাদের সিদ্ধান্তে অটল রয়েছে। বুধবার (১৫ জুলাই) চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পরীক্ষা স্থগিত বা সময়সূচি পরিবর্তনের কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত নেওয়া হয়নি। ফলে বুধবার সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।
রুটিন অনুযায়ী, আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সময়ে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি সাহিত্য দ্বিতীয়পত্র এবং কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। তবে চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া পাঁচ জেলার পরীক্ষা এই তালিকার বাইরে থাকবে।
এর আগে মঙ্গলবার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একদল এইচএসসি পরীক্ষার্থী বিক্ষোভ করেন। দিনভর কর্মসূচির শেষে রাতে তারা আন্দোলন স্থগিত করলেও নতুন কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন। শিক্ষার্থীদের এই আন্দোলনের পর বুধবারের পরীক্ষা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়। তবে পরীক্ষা স্থগিতের বিষয়ে জানতে রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।