আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে নিজেদের সব সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন সফররত ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে দেশটিতে ২০০৩ সাল থেকে শুরু হওয়া ২৩ বছরের দীর্ঘ মার্কিন সামরিক উপস্থিতির ইতি ঘটতে যাচ্ছে বলে মনে করছেন উভয় দেশের কর্মকর্তারা।

মঙ্গলবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। বৈঠক শেষে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরাকে আর সামরিক বাহিনী রাখার প্রয়োজনীয়তা তারা দেখছেন না। এ সময় মার্কিন তেল কোম্পানিগুলোর সঙ্গে ইরাকের ক্রমবর্ধমান সম্পর্কের বিষয়টিতেও গুরুত্বারোপ করেন ট্রাম্প।

ইরাকের প্রধানমন্ত্রী জানান, ৩০ সেপ্টেম্বরের মধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরাক ছাড়বে, তবে মার্কিন কোম্পানিগুলো সেখানে তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।

এদিকে পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, আইএসবিরোধী অভিযান সম্পন্ন করার লক্ষ্যে ২০২৪ সালে ইরাকের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, ওই চুক্তির সময় ইরাকে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা মোতায়েন ছিল। এর আগে ইরান যুদ্ধের আবহে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি ও বাগদাদে অবস্থিত দূতাবাসে একাধিকবার হামলার ঘটনা ঘটে। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ এসব হামলার দায় স্বীকার করেছিল।