পূর্বঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানীর সাইন্সল্যাব মোড় অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা জড়ো হয়ে সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজটের কবলে পড়ে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হন। অবরোধ চলাকালে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এর আগে, বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসি পরীক্ষা অব্যাহত রাখা এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার প্রতিবাদে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ঢাকায় একদল শিক্ষার্থী বিক্ষোভ শেষে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। ওই সময় তারা জানিয়েছিলেন, বুধবারের নির্ধারিত পরীক্ষা স্থগিত না করা হলে বেলা তিনটা থেকে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করা হবে। সেই ঘোষণা অনুযায়ীই আজ তারা সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেন।