ব্যাটারি বিক্রির টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা প্রতারণার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন তিনি। আসামিপক্ষে শুনানি করেন ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়া। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
মামলার বিবরণে জানা যায়, গত ১২ জুলাই ইটুই সলিউশনস লিমিটেডের সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স গুলশান থানায় চিত্রনায়িকা ববিসহ চারজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন বিটিএলের ব্যবস্থাপনা পরিচালক মির্জা আবুল বাশার, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ মিয়া এবং অ্যাডমিন সোহেল রানা।
অভিযোগে উল্লেখ করা হয়, গত বছরের ১২ নভেম্বর মির্জা আবুল বাশার ইটুই সলিউশনস লিমিটেডের কাছে লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহের অনুরোধ করেন। সেই অনুযায়ী ২০ নভেম্বর গুলশানের বিটিএল অফিসে ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা মূল্যের পাঁচটি ৬৪ ভোল্টের ১৭০ অ্যাম্পিয়ার ব্যাটারি সরবরাহ করেন মেহেদি আলম প্রিন্স।
মামলায় আরও অভিযোগ করা হয়, ব্যাটারির মূল্য পরিশোধের কথা থাকলেও আসামিরা যথাসময়ে টাকা না দিয়ে তালবাহানা শুরু করেন। পরবর্তীতে চলতি বছরের ১১ জানুয়ারি মেহেদি আলম প্রিন্স পাওনা টাকা চাইতে গেলে তাকে টাকা দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়। এসময় তাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেওয়ার অভিযোগও আনা হয়েছে। আসামিরা পূর্বপরিকল্পিতভাবে ব্যাটারির সমমূল্যের ৬ লাখ ৭২ হাজার ৯৫৪ টাকা আত্মসাৎ করেছেন বলে মামলায় দাবি করা হয়েছে।