হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ২০ শতাংশ ফি আরোপের যে পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছিলেন, তা থেকে তিনি সরে এসেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) বিবিসির লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, এই ফি আরোপের পরিবর্তে তিনি উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগ প্রত্যাশা করছেন।

ট্রাম্প প্রশাসনের অন্যতম প্রধান অগ্রাধিকার হলো বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করা। বিভিন্ন দেশের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনার সময়ও তিনি বারবার যুক্তরাষ্ট্রে বিনিয়োগের বিষয়টি সামনে এনেছেন। ট্রাম্পের দাবি, এই বিনিয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রচুর নতুন কারখানা ও শিল্প স্থাপনা গড়ে উঠবে। তবে এই পরিকল্পনার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। এছাড়া যেসব উপসাগরীয় দেশকে তিনি বিনিয়োগের অংশীদার হিসেবে উল্লেখ করেছেন, তাদের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্রাম্প তার পোস্টে আরও উল্লেখ করেছেন যে, হরমুজ প্রণালি ইরান ছাড়া সব ধরনের জাহাজের জন্য উন্মুক্ত থাকবে। ইরানের বর্তমান নেতৃত্বকে ‘মিথ্যাবাদী, সহিংস ও বিদ্বেষপূর্ণ’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, তারা দেশটিকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এছাড়া ইরানের বিরুদ্ধে ‘পূর্ণ অবরোধ’ আরোপের ঘোষণাও দিয়েছেন ট্রাম্প। তবে তার এই পোস্টের শেষ অংশে থাকা ‘ইরানে বিক্ষোভকারীদের হত্যা করার দিন শেষ’—এই মন্তব্যের বিষয়ে কোনো ব্যাখ্যা তিনি দেননি।