১৭১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বেশ চাপের মুখে বাংলাদেশ। ইনিংসের শেষ ২৪ বলে জয়ের জন্য প্রয়োজন ৪৭ রান। এই মুহূর্তে ক্রিজে লড়াই চালিয়ে যাচ্ছেন তিন বছর পর টি-টোয়েন্টি দলে ফেরা ইয়াসির আলী রাব্বি এবং মেহেদি হাসান। ইয়াসির এরই মধ্যে ৩৩ বলে নিজের অর্ধশতক পূরণ করেছেন।

এর আগে দলীয় ৭৩ রানের মাথায় বাংলাদেশ তাদের চতুর্থ উইকেট হিসেবে অধিনায়ক তাওহীদ হৃদয়কে হারায়। সুম্বারের বলে স্লগ সুইপ করতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। হৃদয় ১৩ বলে ১৪ রান সংগ্রহ করেন। ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৭৬ রান।

ম্যাচের শুরুর দিকেই বড় ধাক্কা খায় বাংলাদেশ। ৩৪ রানের মধ্যেই টপ অর্ডারের ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি। চতুর্থ ওভারে সাইফ হাসান ১৫ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন। একই ওভারের শেষ বলে তানজিদ হাসান তামিম কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হন। এছাড়া পারভেজ হোসেন ইমনও বেশিক্ষণ টিকতে পারেননি, ব্লেসিং মুজারাবানির বলে লং শট খেলতে গিয়ে তিনি বিদায় নেন। ৭ ওভার শেষে বাংলাদেশের দলীয় সংগ্রহ ছিল ৫২ রান, যেখানে হৃদয় ৯ ও ইয়াসির ৮ রানে অপরাজিত ছিলেন।