ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। বুধবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অধিবেশন সমাপনী সংক্রান্ত ঘোষণাটি পাঠ করেন। এর মাধ্যমে ১৫ জুলাই অধিবেশনের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়।
গত ৭ জুন শুরু হওয়া এই বাজেট অধিবেশনে ২৬ কার্যদিবস অতিবাহিত হয়েছে। বর্তমান বিএনপি সরকারের এটিই প্রথম বাজেট, যেখানে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস করা হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ১১ জুন সংসদে এই প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছিলেন।
অধিবেশন চলাকালীন বাজেটের ওপর সাধারণ আলোচনা ১৪টি কার্যদিবসে মোট ৪৮ ঘণ্টা ৫১ মিনিট স্থায়ী ছিল, যাতে ৩১৬ জন সংসদ-সদস্য অংশ নেন। এছাড়া সংসদীয় কার্যক্রমে ১০টি সরকারি বিল পাস হয়েছে। কার্যপ্রণালী-বিধির ৭১ বিধি অনুযায়ী ৭১৫টি নোটিশ জমা পড়ে, যার মধ্যে ২৪টি গৃহীত হয় এবং ২২টির ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। ৭১ (ক) বিধি অনুযায়ী ১২৫টি দুই মিনিটের নোটিশ এবং ১৩১ বিধি অনুযায়ী ৪টি সিদ্ধান্ত প্রস্তাব আলোচিত ও নিষ্পত্তি হয়েছে।
সংসদীয় প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ২৭৮টি প্রশ্ন জমা পড়েছিল, যার মধ্যে ৩৫টির উত্তর টেবিলে উপস্থাপিত হয়। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য ৫ হাজার ৩১টি প্রশ্ন জমা পড়ে, যার বিপরীতে ৩ হাজার ৪৭৪টি প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে। এই অধিবেশনে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট ১১টি কমিটি গঠিত হয়েছে এবং কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়েছে।