জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নের বিষয়ে সরকার জনগণের কাছে দায়বদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেন যে, সরকার কোনো ধরনের উগ্রবাদ বা চরমপন্থাকে প্রশ্রয় দেবে না এবং যেকোনো মূল্যে দুর্নীতি নির্মূলে বদ্ধপরিকর।

অধিবেশনে বিগত দিনের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকার একটি বিশেষ দেশকে সুবিধা পাইয়ে দিতে দেশের পুরো চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। তিনি আরও অভিযোগ করেন, ফ্যাসিবাদের দেড় দশকের শাসনামলে কেবল বিদ্যুৎ খাত থেকেই ৩ লাখ কোটি টাকা হরিলুট করা হয়েছে।

এর আগে, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বিকাল ৩টায় সংসদ অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচি অনুযায়ী, শুরুর প্রথম ৩০ মিনিট ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। এদিন প্রধানমন্ত্রীর জন্য ৭টি তারকা চিহ্নিত প্রশ্ন নির্ধারিত থাকলেও, তিনি নির্ধারিত সময়ের মধ্যে তিনটি তারকা চিহ্নিত প্রশ্ন ও এ সংক্রান্ত সম্পূরক প্রশ্নগুলোর জবাব প্রদান করেন।